২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে অজ্ঞাত রোগে ২৫ শ্রমিক অসুস্থ  

নারায়ণগঞ্জ শহরের একটি পোশাক কারখানায় অন্তত ২৫ জন শ্রমিক অজ্ঞাত কারণে অসুস্থ হয়েছেন। তবে, চিকিৎসার কিছুক্ষণ পরই তারা সুস্থ হয়ে ওঠেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার সকালে শহরের খানপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কারখানায় এ ঘটনার পর সেখানে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অসুস্থদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক শফিউল আজম।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায়ও একইভাবে গণহিস্টেরিয়ায় আক্রান্ত হন ২০ শ্রমিক।

চিকিৎসক এটি গণহিস্টেরিয়া বলে ধারণা করছেন এবং এতে ভয়ের কিছু নেই বলে জানান। 

কারখানার শ্রমিকরা জানান, সকালে এক শ্রমিক কারখানার শৌচাগারে গিয়ে বের হয়ে আসার পর অচেতন হয়ে যান। এরপর অল্প সময়ের মধ্যে একে একে আরও ২৫ শ্রমিক অচেতন হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক শফিউল আজম জানান, মনে হচ্ছে তারা ‘গণহিস্টেরিয়ায়’ আক্রান্ত হয়েছে। এতে ভয়ের কিছু নেই। আক্রান্ত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের মহাব্যবস্থাপক সুজিত কুমার সাহা জানান, মঙ্গলবারও হঠাৎ কারখানায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন।

এ নিয়ে বুধবার সকালে কারখানায় মিলাদ পড়ানোর কিছুক্ষণ পরে আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এরপর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।