২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে হাতবোমার বিস্ফোরণ

পতাকাবাহী একটি গাড়ি যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 02:55 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বুধবার দুপুরে এ ঘটনায় কেউ আহত হননি বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।

এতে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, বেলা পৌনে ২টার দিকে পতাকাবাহী একটি গাড়ি টিএসসি হয়ে বাংলা একাডেমির দিকে যায়। গাড়িটি যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের সময় টিএসসিতে উপস্থিত লোকজন দুজনকে ধরে পুলিশে দেয়।

তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মুক্তিযোদ্ধার সন্তান দাবি করছে বলে ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।

দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

সাধারণত মন্ত্রী ও তাদের পদমর্যাদার কর্মকর্তাদের গাড়িতে জাতীয় পতাকা এবং বিচারপতিদের গাড়িতে সুপ্রিম কোর্টের পতাকা থাকে।

তবে ওই গাড়িতে কোন পতাকা ছিল তা নির্দিষ্ট করে বলতে পারেননি কেউ।

ঘটনার আধা ঘণ্টাখানেক পর শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম ঘটনাস্থলে আসেন বলে সেখানে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান।

বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ-হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

প্রায় এক মাসের অবরোধে এসব ঘটনায় এ পর্যন্ত অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন।