২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট গ্রেনেড হামলা: রফিকুলের সাক্ষ্য শুরু

২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় জজ মিয়ার সাক্ষ্য শেষে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন সাবেক সেনা কর্মকর্তা রফিকুল ইসলাম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 10:34 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের সামনের বিশেষ এজলাসে বসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন তার সাক্ষ্য নেন।

তৎকালীন মিলিটারি অপারেশন প্রধান মেজর জেনারেল (অব.) রফিকুল রাষ্ট্রপক্ষের ১০৫তম সাক্ষী।

২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ নেতাকর্মী নিহত এবং কয়েকশ নেতাকর্মী আহত হন। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাও এ হামলায় আহত হন।

জবানবন্দিতে রফিকুল জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবিস্ফোরিত ও অব্যবহৃত পরিত্যক্ত গ্রেনেডগুলো আলামত হিসাবে সংরক্ষণে মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা রুহুল আমিন, মুন্সী আতিক ও আব্দুর রশিদ অবহেলা করেছেন।

ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরপর সাইফুল ইসলাম ডিউকসহ এই মামলার নয় আসামি রফিকুলকে জেরা করতে অস্বীকৃতি জানান।

আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় রফিকুলকে জেরার জন্য দিন রাখা হয়েছে।

দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণে অচলাবস্থার পর গত ২১ জানুয়ারি এই মামলার সাক্ষ্যগ্রহণ আবারো শুরু হয়।

বিরোধী দলের অবরোধের কারণে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির না করায় এবং হাইকোর্টের আদেশ বিচারিক আদালতে না পৌঁছায় অষ্টমবারের মতো পিছিয়ে যায় ২১ অগাস্ট গ্রেনেড হামলার সাক্ষ্য।

এমামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি আকরাম হোসেন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে বেশ কয়েকবার এই মামলায় আসামিপক্ষে জেরার জন্য দিন ঠিক থাকলেও প্রতিবারই হাই কোর্টের আদেশ ট্রাইব্যুনালে না পৌঁছায় পিছিয়ে যায় বিচার।

গত ২১ জানুয়ারি হাইকোর্টের আদেশ বিচারিক আদালতে পৌঁছার পর আবারো শুরু হয় জজ মিয়ার সাক্ষ্য।

গত ৩০ সেপ্টেম্বর জজ মিয়া রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। তার সাক্ষ্যগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে অন্যতম আসামি উজ্জল ওরফে রতনের পক্ষে আবেদন করা হয়।

হাইকোর্ট শুনানি শেষে ২৩ সেপ্টেম্বর তারিখে এই রিভিশন আবেদন নিষ্পত্তি করে দেন।