নাটোরে ট্রাকে বোমা হামলা, আহত ৩
নাটোর সদরে একটি ট্রাকে হাতবোমা হামলায় চালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে রাজশাহী-নাটোর সড়কের তোকিয়া এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন ট্রাকচালক আলমগীর হোসেন (৪২), তার সহকারী জাহাঙ্গীর হোসেন (৩৫) ও পিঁয়াজ ব্যবসায়ী শুকুর আলী (৩২)।
চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুই যুবককে পুলিশ আটক করেছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, ভর্তি হওয়া দুই জনের মুখমণ্ডল ও মাথায় আঘাত লেগেছে।
সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, তোকিয়া বাজার থেকে কাঁচামাল নিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরপরই দুর্বৃত্তরা একটি হাতবোমা ছুড়ে মারে।
এতে ট্রাকে থাকা তিন জনই আহত হন।
ওসি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমান (২৪) ও সানোয়ার হোসেন (৩২) নামে দুই যুবককে আটক করেছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
