২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাবিস্কো মোড় ও বিমানবন্দরে বাসে আগুন

বিএনপি জোটের লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে রাজধানীর তেজগাঁও ও বিমানবন্দর এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 09:18 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নাবিস্কো মোড়ের কাছে বলাকা পরিবহনের ওই বাসে আগুন দেওয়া হয়।

“খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। হতাহতের কোনো খবর আমরা পাইনি।”

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমানবন্দর এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনাতেও কেউ হতাহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কুমিল্লায় ভোরে মহাসড়কে পেট্রোল বোমা মেরে সাতজনকে পুড়িয়ে হত্যার পর রাতে ঢাকায় এ দুটি ঘটনা ঘটল। 

এর আগে সকাল সোয়া ৭টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আবদুল্লাহপুর থেকে মাওয়াগামী ‘প্রচেষ্টা পরিবহনের’একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

আর বিকালে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারে যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী শিখর পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় এক যুবককে হাতেনাতে ধরে পিটুনি দেয় জনতা।

পুলিশ গিয়ে ওই যুবককে জনতার রোষ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরোধের ঘোষণা দেওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে নাশকতা ঘটছে। এতে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই গাড়িতে যাতায়াতের সময় অগ্নিদগ্ধ হন।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকারের পাশাপাশি পুলিশ ও র্যা ব ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করেছে।