পেট্রোল বোমায় দগ্ধদের চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তা
২০ দলীয় জোটের চলমান অবরোধে চট্টগ্রামে পেট্রোল বোমায় দগ্ধদের অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তহবিল থেকে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
দগ্ধ চারজনের মধ্যে তিনজকে ২০ হাজার করে এবং একজনকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।
২০ হাজার টাকা করে পাওয়া তিনজন হল সীতাকুণ্ড উপজেলার ঘোড়ামারা জোরামতল এলাকার ট্রাকচালক তাজুল ইসলাম (৫০), যশোরের কেশবপুরের মধ্যকুল এলাকার ট্রাক চালক আজিজুর রহমান (৩৫), নঁওগা জেলার ইশপপুরের মো. ফজলুর রহমান (৫৩)।
রাজশাহীর শাহ মখদুম থানার বায়াকুল এলাকার সাদ্দাম হোসেন (২৬) পেয়েছেন ৪০ হাজার টাকা।
এসময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের খোঁজ-খবর নেওয়ার জন্য আমরা ছুটে এসেছি।”
পেট্রোল বোমায় দগ্ধদের প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
”আপনারা প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত করবেন। যার যে পরিমাণ সহায়তার দরকার তাকে সে পরিমাণ সহায়তা দেওয়া হবে। কালকের মধ্যে দরখাস্তগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে পৌছানোর নির্দেশ রয়েছে।”
প্রধানমন্ত্রী নিজেই অবরোধে সহিংসতার শিকার সাধারণ মানুষদের বিষয়টি দেখভাল করছেন জানিয়ে মেজবাহ উদ্দিন বলেন, “প্রতিদিন আড়াইটার মধ্যে প্রধানমন্ত্রীকে অবহিত করতে হয় দগ্ধ ও আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে।”
বার্ন ইউনিট পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল ও চমেক হাসপাতালের উপ-পরিচালক শাহাবউদ্দিন।
