গুলিস্তানে বাসে আগুন দেওয়ার সময় ধরে পিটুনি
বিরোধী জোটের হরতাল-অবরোধের মধ্যে রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সময় একজনকে হাতেনাতে ধরে পিটিয়েছে জনতা।
কুমিল্লায় মহাসড়কে পেট্রোল বোমা মেরে সাতজনকে পুড়িয়ে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিকাল ৫টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারে যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী শিখর পরিবহনে আগুন দেওয়ার সময় তাকে ধরে ফেলা হয় বলে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ এসআই নাসির উদ্দিন সরকার জানিয়েছেন।
প্রায় ২৬ বছর বয়সী এই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে, বাইরে থেকে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পরপরই এক যুবককে ধরে গনপিটুনি দেওয়া হয়।”
পুলিশ গিয়ে ওই যুবককে জনতার রোষ থেকে উদ্ধার করে। অন্যদিকে দমকল বাহিনী বাসটির আগুন নেভায়।
গত ৫ জানুয়ারি বিএনপি জোটের অবরোধ শুরুর পর থেকে বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া ও বোমাবাজি ঘটছে। এতে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই গাড়িতে যাতায়াতের সময় অগ্নিদগ্ধ হন।
নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকারের পাশাপাশি পুলিশ, র্যাব ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করেছে।
নাশকতার জন্য অবরোধ-হরতাল আহ্বানকারী জোটের নেতা-কর্মীদের দায়ী করছে সরকার। অন্যদিকে বিএনপি বলছে, তাদের আন্দোলন সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করতে সরকারের মদদে নাশকতা চালানো হচ্ছে।
