‘বোমা ছুড়তে গিয়ে’ ট্রাকচাপায় নিহত ২
যশোরের মণিরামপুর উপজেলায় পেট্রোল বোমা ছুড়তে গিয়ে ‘ট্রাকচাপা পড়ে’ দুই যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে তাদের যুবদলকর্মী দাবি করে স্থানীয় এক বিএনপি নেতা বলেছেন, পুলিশ ওই দুই যুবককে ধরে নিয়ে গিয়েছিল।
নিহতরা হলেন- তাহেরপুর গ্রামের ইউসুফ ও দুর্গাপুর গ্রামের লিটন।
মণিরামপুর থানার ওসি মোল্লা খবিরউদ্দিন জানান, সোমবার শেষ রাতে বেগারিতলা এলাকায় যশোর-মণিরামপুর সড়কে ট্রাকচাপায় ওই দুই যুবকের মৃত্যু হয়। রাত সোয়া ৩টার দিকে পুলিশের কাছে ওই ঘটনার খবর আসে।
“গিয়ে দেখতে পাই, দুই যুবকের মৃতদেহ পড়ে আছে। পাশেই পেট্রোল বোমা পড়ে ছিল। স্থানীয় লোকজন আমাদের বলেছে, তারা একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়তে গিয়ে ওই ট্রাকেরই চাপায় মারা গেছে।”
ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ লাশ দুটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি।
হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, মণিরামপুর থানার এএসআই তাসনিম রাত সোয়া ৪টার দিকে লাশ দুটি হাসপাতালে নিয়ে আসেন।
তবে মণিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবালের দাবি, নিহত দুজনই স্থানীয় যুবদল কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর কলেজের কাছে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনার পরপরই পুলিশ যুবদল কর্মী ইউসুফ ও লিটনকে আটক করে।
“আজ সকালে শুনি, পুলিশ দুজনকে মৃত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।”
স্বজনদের দাবি, ইউসুফ কাঁচামালের ব্যবসা করতেন এবং লিটন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন।
