২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেলা জমতে আরও বাকি

বইমেলার দ্বিতীয় দিনে পছন্দের প্রকাশনীর অবস্থান চিনে নেওয়া, প্রিয় লেখকের নতুন বইয়ের সন্ধান আর মেলা ঘুরে দেখতেই বেশি সময় দিয়েছেন দর্শনার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 10:57 PM

Updated : 12 Oct 2022, 03:14 PM

সোমবারও কিছু প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীরা ব্যস্ত ছিলেন স্টল সাজাতে; নতুন বইয়ের গন্ধ, ধুলো আর গায়ে গায়ে লাগা ভিড়ের দেখা মিলতে বাংলা একাডেমি প্রাঙ্গণকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। 

মেলার দ্বিতীয় দিনে ৩৫টি নতুন বইয়ের নাম এসেছে বাংলা একাডেমির গণমাধ্যম কেন্দ্রে। তবে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন কয়েকজন প্রকাশক।

সোহরাওয়ার্দী উদ্যানের বর্ধিত অংশে অনিন্দ্য প্রকাশনীর বিক্রয়কর্মী মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে তাদের ৩০টি বই মেলায় এসেছে। অন্যান্য প্রকাশকরাও অনেক বই মেলায় এনেছেন; তবে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তিনি বলেন, অবরোধ-হরতালেও প্রথম দিন থেকেই মেলায় লোক সমাগম আশাব্যাঞ্জক।

“রাজনৈতিক অস্থিরতার বিবেচনায় মেলার শুরুতে দর্শনার্থীর উপস্থিতি ইতিবাচক। সামনের দিনে আরও বাড়বে।”

একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন প্রাঙ্গণে সোমবার লোক একেবারে কম না হলেও গা ঠেলাঠেলি ভিড় দেখা যায়নি। নির্দিষ্ট স্টল কিংবা খ্যাতিমান লেখকদের বইয়ের জন্যও দেখা যায়নি ক্রেতাদের দীর্ঘ সারি।

বইপ্রেমীরা স্বচ্ছন্দেই স্টলে স্টলে ঘুরেছেন, পছন্দের বই বেছে রেখেছেন। তবে বেচাকেনা এখনো জমেনি।

প্রতি বছরই একুশে বইমেলার প্রথম কয়েক দিন এমন যায় বলে জানালেন কাকলী প্রকাশনীর স্বত্ত্বাধিকারী নাছির আহমেদ সেলিম।

সোমবার বিকেলে বান্ধবীদের সঙ্গে মেলায় এসেছিলেন ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুস্মিতা।

তিনি জানান, একুশে বইমেলার শুরুর দিকে প্রতিবারই তিনি কয়েক দিন ‘ঘুরতে’ আসেন। ভিড় কম থাকে বলে বই পছন্দ করা সহজ হয়।

“এখন এসেছি দেখতে। আরও কয়েকদিন দেখেশুনে তারপর কিনব”, বলেন তিনি।

 

সাহিত্য সম্মেলন

মেলার পাশাপাশি চলতে থাকা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে সকালে ‘এই সময়ের সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হয়, যাতে একটি ধারণাপত্র উপস্থাপন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

ধারণাপত্রে তিনি বলেন, “সাহিত্য সত্যকে ধারণ করে। মানবীয় অভিজ্ঞতায় জীবনকে ঋদ্ধ করার যে পন্থা সাহিত্য নির্দেশ করে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা তার রূপরেখার সন্ধান পেতে পারি।”

কথা সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, নবনীতা দেব সেন এবং বিহার থেকে আসা দিলীপ সিনহা আলোচনায় অংশ নেন। 

দুপুরের অধিবেশনে কলকাতার জনপ্রিয় কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন কথাশিল্পী সেলিনা হোসেন।

বিকেলে মেলার মূল মঞ্চে হয় ‘প্রমিত বাংলা ভাষা’ নিয়ে আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক স্বরোচিষ সরকার।

পশ্চিমবঙ্গের অধ্যাপক পবিত্র সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ড. মনিরুজ্জামান, অধ্যাপক গোলাম মুরশিদ, অধ্যাপক জিনাত ইমতিয়াজ আলী।

নতুন বই

মেলার দ্বিতীয় দিনে ১০টি কবিতার বই, ৫টি উপন্যাসসহ মোট ২৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।  

এর মধ্যে রয়েছে তাশরিক ই হাবিবের ‘রজ মানুষ’, জয়নুল শামীমের কবিতার বই ‘দূরে সরে যায় রোদ’, মদিনা জাহান রিমির উপন্যাস ‘দেড়শ মাইল দূরের স্বর্গ’, হৃদয় ইসমাইলের কবিতার বই ‘বত্রিশ ইঞ্চি স্বর্গ’, হাসান শান্তনুর লেখা গণমাধ্যম বিষয়ক বই ‘৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন’, মাহবুব আব্দুল্লাহ জুয়েলের কবিতার বই ‘আরশিতে রোদ্দুর’, কাজল শরিফের উপন্যাস ‘অ্যাসটেরয়েড হুজুর’, বকুল আশরাফের শিশুতোষ বই ‘ফুল পাখিদের গল্প’ ও আখতার হোসেনের কিশোর উপন্যাস ‘পাজি বেড়ালের শাস্তি’।