২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চুক্তি

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 10:31 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয় এবং ভারতের আইএলঅ্যান্ডএফএস টেকনোলজি লিমিটেডের মধ্যে এই চুক্তি হয়।

বাংলাদেশের পক্ষে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জিল্লুর রহমান ও ভারতের পক্ষে আইএলঅ্যান্ডএফএস’র প্রধান নির্বাহী আশিষ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রকল্পের মাধ্যমে গোপালগঞ্জ, গাজীপুর, শেরপুর, পাবনা, দিনাজপুর, রাজশাহী ও জামালপুরের ৪৫ উপজেলার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ্ড করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের প্রাক্কলিক ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি ৮৪ লাখ টাকা।

২০১১ সালের ১৩ সেপ্টেম্বর ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

পরে একনেক সভায় এই প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়িয়ে সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এই প্রকল্পভুক্ত এলকার সব মৌজার সিএস, এসএ, অরএস ও মিউটেশনকৃত খতিয়ান এবং মৌজাম্যাপ স্ক্যান, ডিজিটাল করে ডাটা এন্ট্রি করা হবে।

ফলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা অনলাইনে রেকর্ড সংক্রান্ত কাজ করতে পারবেন, যাতে সময় ও অর্থের অপচয় কমবে।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্পে সর্বনিম্ন দরদাতা হিসেবে ভারতের আইএলঅ্যান্ডএফএস টেকনোলজি লিমিটেডকে বাছাই করেছে কারিগরি কমিটি।

ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন কার্যক্রমের অধীনে এর আগে একটি পাইলট প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ১৯১টি মৌজার চার লাখ ৪১ হাজার ৫০৬টি খতিয়ান এবং চার হাজার ৮০৯টি মৌজা ম্যাপ ডিজিটালাইজেশন করা হয়।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফিউল আলম, ভারতের ডেপুটি হাই কমিশনার স্বন্দীপ চক্রবর্তী, আইএলঅ্যান্ডএফএস টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা দূর্গা প্রসাদ ও এডিবির প্রতিনিধি বিদ্যুৎ কুমার সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।