সাংবাদিক পেটানো পুলিশ প্রত্যাহার
রাজধানীতে একটি ইংরেজি দৈনিকের সংবাদকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে বিজয় নগর মোড়ের ওই ঘটনায় কাকরাইল পুলিশ ফাঁড়ির এসআই মো. মোস্তফাকে সোমবার প্রত্যাহার করা হয়েছে।
“তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
রোববার রাতে ‘নিউ এইজ’ এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হুদা সুমন মোটরসাইকেলের পেছনে একজনকে বসিয়ে বিজয়নগর মোড় দিয়ে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ পেছন থেকে তার সঙ্গীকে নামিয়ে দিলে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের দুজনে মারধর করা হয়।
আহত দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
ওসি মশিউর বলেন, “রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাচ্ছিলেন। এসময় একজন যাত্রীকে নামিয়ে দেয় পুলিশ। ওই সময় পাশ দিয়ে একটি মোটরসাইকেলে দুই পুলিশ যাওয়ার ছবি তোলার চেষ্টা করে সাংবাদিক সুমন।
আহত সাংবাদিক নাজমুল হুদা নাজমুল হুদা
এসময় সময় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে বলে দাবি করেন মশিউর।
তবে নাজমুল হুদা হাসপাতালে সাংবাদিকদের বলেন, “সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়।”
এদিকে সুমনকে মারধরের ঘটনায় সোমবার সকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদ মানববন্ধন করে দোষী পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানায়।
