২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন চীনের নতুন দূত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে চীনের নতুন রাষ্ট্রদূত মা মিঙকিয়াং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 08:32 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার বিকেলে চীনা দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য দেশটিকে ধন্যবাদ জানান।”

বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য নেওয়ার আশ্বাসের জন্যও এ সময় চীনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

এ সময় তিনি মিয়ানমারের ভেতর দিয়ে চীন পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপনের ওপরও গুরুত্ব দেন।

আবদুল হামিদ দুই দেশের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করলে নতুন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ এই ঘাটতি কমাতে পারে।

রাষ্ট্রপতি এ সময় তার সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে বলেন, সে সময় চীনের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনা সহায়তা অব্যাহত থাকবে বলেও রাষ্ট্রদূত আশ্বাস দেন। 

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে নতুন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।