২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনের ক্ষমায় দুবাইয়ে ‘বেঁচে যাচ্ছেন’ দুই বাংলাদেশি

দুবাইয়ে নিজ দেশের এক ব্যক্তিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই বাংলাদেশিকে ক্ষমা করেছেন নিহতের স্বজনরা। এতে সেদেশের আদালতে এ দণ্ডিতরা প্রাণে বেঁচে যাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার নিহতের স্বজনরা ক্ষমাপত্রে স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।

সাইফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের স্বজনরা ক্ষমাপত্রে স্বাক্ষর করেছেন। অপরদিকে দণ্ডিতদের স্বজনরা জেলা প্রশাসকের মাধ্যমে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন নিহতের পরিবারকে।   

তিনি জানান, দুবাইয়ের আইন অনুযায়ী কেবল নিহতের পরিবার ক্ষমা করে দিলে খুনি বা অভিযুক্ত ব্যক্তি ক্ষমা পেতে পারে। তাই ক্ষমার ব্যাপারে নিহতের পরিবারকে রাজি করাতে দফায় দফায় উদ্যোগ নিতে হয়।

“অবশেষে সোমবার এর সফলাতা আসে। সেই অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে নিশ্চিতভাবে দুই বাংলাদেশি শিরশ্ছেদ থেকে রক্ষা পেতে যাচ্ছে,” বলেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উভয় পরিবারের উপস্থিতিতে এ ক্ষমাপত্রে স্বাক্ষর করা হয়। ক্ষমাপত্রটি এখন নোটারি করে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাই সরকারের কাছে পাঠানো হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখানের ইউএনও আবুল কাশেম, জেলা কর্মসংস্থান ও জন শক্তি অফিসের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, কেইয়ান ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক প্রমুখ।

জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের জরিপ কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে খুন হন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের কোর্টগাঁও গ্রামের সামাদ তালুকদারের ছেলে নূর মোহাম্মদ (২৭)।

এ ঘটনায় দুবাইয়ের একটি আদালত দুই বাংলাদেশির শিরচ্ছেদের রায় দেয়।

দণ্ডিতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সিরস্থান গ্রামের রওশন আলীর ছেলে কামাল হোসেন ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কুরশি গ্রামের আরশাদ আলীর ছেলে সাজদু মিয়া।

আলতাফ হোসেন আরও বলেন, ক্ষমাপত্রটি এখন বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দুবাই পাঠানো হবে। সেখানে সরকারের মাধ্যমে আদালতে পাঠানো হবে। আদালত খুনিদের ক্ষমার ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

দণ্ডিতরা এখন দুবাই কারাগারে বন্দি আছেন বলে জানান আলতাফ হোসেন।