গাজীপুরে ট্রাকে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৪
গাজীপুরের শ্রীপুরে পণ্যবাহী ট্রাকে ছিনতাইকালে চার যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শ্রীপুর থানার এসআই মো. সালাহ উদ্দিন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার নূর মোহাম্মদের ছেলে দুর্জয় হাসান রানা (১৮), সজল মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২২), কাউসারের ছেলে হাসান (২০) ও তোফাজ্জল হোসেনের ছেলে মাহবুব (২১)।
এসআই সালাহ উদ্দিন আরও জানান, জৈনা বাজার এলাকার আহম্মদ ফিলিং স্টেশনের থেকে প্রায় একশ' গজ দূরে ৫/৬টি মালবোঝাই ট্রাক থামিয়ে চালক ও তাদের সহকারীরা ভেতর ঘুমাচ্ছিলেন।
এ সময় ৮/১০ জনের একদল ছিনতাইকারী ঘুম থেকে ওঠার জন্য ট্রাকের দরজায় ধাক্কা দেয়।
ঝামেলা হতে পারে টের পেয়ে চালকরা দরজা না খুলে চলে যাওয়ার জন্য ট্রাক চালু করেন তারা। কিন্তু একটি ট্রাক চালু হতে দেরি হয়।
ওই ট্রাকে ছিনতাইকারীরা হামলা করে চালককে মারধর করে এবং গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ড্রাইভিং সিটের নিচে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসআই সালাহউদ্দিন আরও জানান, এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে চার ছিনতাইকারীকে আটক করে। পরে মহাসড়কের টহল পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
