রাজশাহীতে বাস-ট্রাকে বোমা, অভিযানে আটক ১৭
বিএনপি-জামায়াত জোটের ৭২ ঘণ্টার হরতালে রাজশাহীতে একটি যাত্রীবাহী বাস ও দুইটি ট্রাকে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে নগরীর কাটাখালি এলাকায় একটি ও পুঠিয়া উপজেলার বানেশ্বরে আরেকটি ট্রাকে পেট্রোল বোমা হামলা হয়। ট্রাক দুটি আংশিক পুড়ে গেছে।
এছাড়া পুঠিয়ার বানেশ্বর বাজারে একটি বাসে হাতবোমা ছুড়লে চালকসহ দুইজন আহত হন।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জানান, রাত পৌনে ১১টার দিকে বানেশ্বর বাজারের পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি এলিগেন্স নামে একটি বাসে হাতবোমা হামলা চালায় দুর্বৃত্তরা।
আহত বাসচালক আবুল হোসেনকে (৪০) পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহত বাসযাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা হাফিজুর বলেন, এরপরই ঢাকাগামী একটি টমেটো বোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে ট্রাকে আগুন ধরে গেলে পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই ট্রাকের সামনের অংশ পুড়ে যায় বলে তিনি জানান।
এদিকে নগরীর কাটাখালি জুট মিলের সামনে রাস্তায় অবরোধ ও হরতাল সমর্থকরা বরইবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে বলে জানান মতিহার থানার ওসি আলমগীর হোসেন।
এতে আগুন ধরে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। পরে পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পাঁচ শিবিরসহ আটক ১৭
নাশকতার আশঙ্কায় রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ছাত্রশিবির কর্মীসহ বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করেছে র্যাব ও পুলিশ।
এর মধ্যে পাঁচ শিবিরকর্মীকে দলের কাগজপত্রসহ নগরীর নওদাপাড়া ইউসুবপুর বাজারের পাশের একটি বাড়ি থেকে আটক করে র্যাব।
আর আলাদা অভিযানে বিএনপি-জামায়াতের আরও ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার এএসপি মির্জা গোলাম সারোয়ার বলেন, নগরীর মতিহার থানার ইউসুবপুর এলাকা থেকে ছাত্রশিবিরের দলীয় কাগজপত্রসহ ওই পাঁচজনকে আটক করা হয়েছে।
এরা হলেন- ছাত্রশিবিরের নওদাপাড়া ইউনিটের সভাপতি আব্দুল মান্নান (২৫), শিবিরকর্মী পলাশ আলী (১৯), আরিফুল ইসলাম (২৮), কামরুল ইসলাম (১৮) ও ছানাউল্লাহ (১৯)।
ইউসুবপুর বাজারের পাশে একটি ভাড়া বাড়িতে থেকে তারা ছাত্রশিবিরের গোপন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে নানা নাশকতামূলক কর্মকাণ্ডে তারা জড়িত ছিল বলে জানান তিনি।
এছাড়া আলাদা অভিযান চালিয়ে মহানগর ও জেলা পুলিশ বিএনপি-জামায়াতের আরও ১২ নেতাকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম ও জেলা পুলিশ সুপার আলমগীর কবীর।
