২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় হাতবোমায় আহত ২

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে পুরান ঢাকায় হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন দুজন।

নিজস্ব প্রতিবেদক

ও চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 02:30 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নবাবপুর রোডে এই হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- চকবাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ (২৫) ও রিকশাচালক আব্দুল মালেক (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহাম্মদ আলী রিকশায় করে তার দোকানের জন্য কেনাকাটা করতে নবাবপুর রোডে এসেছিলেন। রিকশা থেকে নামার সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা হাতবোমা ছুড়লে দুজনেই আহত হন।”

এর  আধা ঘণ্টা আগে পুরান ঢাকায় আদালত পাড়ায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “দুপুর ১২টার দিকে আদালতের পাশে জনসন রোডে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তায় ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ হয়।”

ঢাকা জেলা জজ আদালতের পুরনো ভবনের তিনতলা থেকে ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী রোকনুজ্জামান প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন যুবক একসঙ্গে বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলে থাকা কার্টনবোঝাই একটি ভ্যান উল্টে যায়।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধ ও কয়েক দফার হরতালে বিক্ষিপ্ত ভাবে গাড়ি পোড়ানোর পাশাপাশি বোমাবাজি ঘটছে।

অবরোধের মধ্যে দুদিন আগেই আদালত পাড়ায় একটি বাস পোড়ানো হয়।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকায়ও হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

জেলা লিগ্যাল এইড অফিস ও এক নম্বর বারের মাঝামাঝি স্থানে তা ঘটে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।