শাহজাদপুরে দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত সাত জন।
সোমবার সকাল ৮টার দিকে বিসিক বাস টার্মিনাল এলাকায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহাজাদপুর থানার এসআই রেজাউল ইসলাম।
নিহতরা হলেন-গারাদহ গ্রামের ইব্রাহীম হোসেন (৫০), শামসুল ইসলাম ও শাহাদত হোসেন (৪০)।
আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
সকালে লেগুনাটি গারাদহ থেকে শাজাদপুর সদরের পথে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ সদস্য রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে যাত্রীবাহী লেগুনাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে এবং ট্রাকটি ছিটকে খাদে পড়ে যায়। এ সময় লেগুনার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন কমপক্ষে সাত জন।”
ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
