সন্ত্রাস, বোমা হামলার প্রতিবাদে খুলনায় মানবন্ধন
হরতাল ও অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা এবং বোমা হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন হয়েছে।
শনিবার দুপুর নগরীর পিকচার প্যালেসের মোড় থেকে শিববাড়ি মোড় ও সার্কিট হাউজ ময়দান পর্যন্ত দেড়ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
‘পুড়ছে মানুষ, জ্বলছে দেশ, জেগে ওঠো বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধনে খুলনার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা এতে অংশ নেয়।
কর্মসূচি চলাকালে নাশকতার বিরুদ্ধে জনতার ঐক্যের আহ্বায়ক ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়ের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ারপার্সন লিয়াকত আলী, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপার্সন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম ও মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর।
এছাড়া খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান।
এছাড়া মানববন্ধন চলাকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার শিল্পীরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।
