বাসচাপায় নারী নিহত, শিমুলিয়া ঘাটে ৩ ঘণ্টা চলাচল বন্ধ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ফেরিঘাটের কাছে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।
বুধবার সকালে এ ঘটনায় বিক্ষুদ্ধরা সড়ক অবরোধ করলে যানবাহনের ফেরিমুখী চলাচল বন্ধ থাকে প্রায় তিন ঘণ্টা।
নিহত মালেকা বানু (৭০) উপজেলার পশ্চিম মিমুলিয়া গ্রামের সলিম ফকিরের স্ত্রী।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ইউনুছ জানান, সকাল সোয়া ১০টার দিকে শিমুলিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাস বিআইডব্লিউটিএ-এর টোল প্লাজার কাছে পথচারী মালেকা বানুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা শিমুলিয়া ঘাটের প্রবেশদ্বারে অবরোধ তৈরি করলে ঘাটের দিকে বা বিপরীতদিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেলা দেড়টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
