শ্রীপুরে শীতলক্ষ্যায় ট্রলারডুবি: আরেক লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির চার দিন পর নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শ্রীপুর মডেল থানা পুলিশ মজিদা বেগমের (৪৫) লাশ উদ্ধার করে। মজিদা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাচাহারা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
এ নিয়ে ওই ট্রলারডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা তিন হলো।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, স্থানীয় ইউপি সদস্যের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রলারডুবির স্থান থেকে আনুমানিক দেড়শ গজ দূরে নদীর পশ্চিম পাড়ে লাশটি ভেসে ওঠে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন মীর জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ত্রিমোহনীর নান্দিয়া সাঙ্গুন এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষা নদীর মোহনায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
শ্রীপুর উপজেলার বরমী থেকে ত্রিমোহনীগামী একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে গফরগাঁওয়ের পাতলাশী থেকে বরমীগামী আরেকটি যাত্রীবাহী ট্রালারের এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় শ্রীপুরের নবগঠিত পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সুতারপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আসমা বেগম (৩২) ও কাওরাইদ এলাকার আশরাফ উদ্দিন শেখের ৮ মাসের মেয়ে সাদিকুন্নাহারের লাশ তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। সাদিকুন্নাহারের নানি মজিদা বেগম নিখোঁজ ছিলেন।
সকালে এলাকাবাসী মজিদা বেগমের লাশ ভাসতে দেখে তাকে খবর দেয় বলে জানান জসিম উদ্দিন।
