মুন্সীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩, আটক ৪
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর যশলং গ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার বিকালে এ ঘটনায় আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গীবাড়ী থানার ওসি আব্দুল মালেক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ৪ জনকে আটক করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, যশলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছ দেওয়ানের সঙ্গে একই ইউনিয়নের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য রিনা বেগমের বিরোধ চলছিল।
গত মঙ্গলবার রাতে আধারে মোখলেছ দেওয়ানের পুকুর থেকে মাছ চুরি হলে তিনি বাদী হয়ে রিনা মেম্বার গংদের আসামি করে বুধবার মুন্সীগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।
এর জের ধরে শুক্রবার রিনা বেগম কয়েকশ লোক নিয়ে মোখলেছ দেওয়ানের বাড়িতে হামলা চালান।
হামলার সময় বাড়ির গেইট, সীমানা প্রাচীর ও ঘরে ইটপাটকেল ছোড়ে এবং গাড়ি ভাংচুর করে।
পরে ঘরের দরজা ভেঙে মোখলেছের উপর হামলা চালানোর চেষ্টা করলে মোখলেছ দেওয়ান লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি চালান।
