বগুড়ায় পেট্রোলবোমা হামলায় গ্রেপ্তার ৩
বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারার ঘটনায় মামলা করেছে পুলিশ।
এছাড়া এ ঘটনায় বিএনপি ও জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজিউর রহমান।
এতে ১০৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, বৃহস্পতিবার রাতে ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারার পরপর আটক বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এরা হলেন, নুনগোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুরাদুজ্জামান, বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও শ্রমিকদল সভাপতি রানা।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার নুনগোলা এলাকায় একটি ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে দুবৃর্ত্তরা। এতে দগ্ধ হয় চালক টিটন, তার সহকারী আব্দুর রহিম ও ব্যবসায়ী সাজু মিয়া।
রাতে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আব্দুর রহিম ও ব্যবসায়ী সাজু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে শুক্রবার সকালে আব্দুর রহিমের মৃত্যু হয়।
