২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

দুজনের মধ্যে নাজমুল হোসেন (২৮) কক্সবাজার জেলার চকরিয়া থানার মাতামুহুরি ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত। অপরজন মোশারফ  হোসেন (২৪) কুমিল্লার বাসিন্দা।

বৃহস্পতিবার গভীর রাতে কর্ণফুলী শাহ অমানত সেতু থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো যে সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াবা উদ্ধারের খরব দেওয়া হয়, তাদের নাজমুলের পুলিশ পরিচয় দেওয়া হয়নি।

রাতে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. মইনউদ্দিন জানান, নাজমুল চকরিয়া থানার মাতামুহুরি পুলিশ ফাঁড়িতে কর্মরত।

গ্রেপ্তারের অভিযানে থাকা গোয়েন্দা পুলিশের এএসআই সন্তু শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা শ্যামলী পরিবহনের একটি বাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে শাহ আমানত সেতুতে নেমে যায়।

“এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।”

এএসআই সন্তু জানান, গ্রেপ্তারকৃতদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, ইয়াবাগুলো প্রতিটি দুই হাজার করে ১০টি প্যাকেটে রাখা ছিল এবং প্যাকেটগুলো কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।