জামিনে মুক্ত হয়েই খুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সাত মামলার আসামি জামিনে মুক্তি পাওয়ার একদিন পরই প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে নিহত মোহাম্মদ আলী ওরফে আলাউদ্দিন (২২) মহামায়া ইউনিয়নের মাটিয়া গোধা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি ডাকাতি, ছিনতাইসহ সাতটি মামলা রয়েছে। গত বুধবার (২১ জানুয়ারি) তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
ছাগলনাইয়া থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকালে মনুরহাট ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের চাঁদগাজী বাজারের কাছে ভূঁইয়ার চরা এলাকায় প্রতিপক্ষের লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গভীর রাতে তার মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ, মহামায়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মনুহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে আলাউদ্দিনের উপর হামলা চালানো হয়েছে।
তবে, অভিযোগ নাকচ করে নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সময় আমি ওই এলাকায় ছিলাম না, খবর পেয়ে পুলিশের সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি।”
এলাকায় চাঁদাবাজি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে তার লোকেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।
