২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক নিয়ে ঝিনাইদহের দুই আড়তে ‘ডাকাতি’

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকে করে এসে নৈশ প্রহরীকে বেঁধে দুই আড়ত থেকে ৩৬৫ বস্তা চাল ও ৬২ হাজার টাকা লুটে নিয়েছে একদল ডাকাত।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 02:58 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শৈলকূপা থানার ওসি হাশেম খান জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরের হাতি মার্কেট এলাকায় বাসু সাহা ও রমা দে নামের দুই ব্যবসায়ীর আড়তে এই ডাকাতির ঘটনা ঘটে।

আড়ত মালিক বাসু এ ঘটনায় শুক্রবার সকালে শৈলকূপা থানায় একটি মামলাও করেছেন।  

বাদীর অভিযোগ, তার আড়ত থেকে সাড়ে তিনশ বস্তা চাল ও ‘ক্যাশ বাক্স’ থেকে সাত হাজার টাকা লুট হয়েছে। লুট হওয়া চালের বর্তমান বাজার দর প্রায় পাঁচ লাখ টাকা।

অন্যদিকে রমা দে’র আড়ত থেকে ৫৫ হাজার টাকা ও ১৫ বস্তা চাল নিয়ে গেছে ডাকাতরা। 

ওসি হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা হওয়ার পর ওই বাজারের তিন নৈশ প্রহরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাতি মার্কেট এলাকার নৈশ প্রহরী মানিক হোসেন পুলিশকে জানান, রাত ২টার দিকে ২৫/৩০ জন ডাকাত ট্রাকে করে এসে বাসু সাহার চালের আড়তের সামনে থামে।

পিস্তল দেখিয়ে তাকে বেঁধে ফেলার পর পাশাপাশি দুটি আড়তের তালা ভেঙ্গে ঢুকে ডাকাতরা চালের বস্তা ও টাকা লুট করে নিয়ে যায় বলে মানিকের দাবি।