২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর সাইকেলে সঙ্গী বহন নিষিদ্ধের সমালোচনা

নাশকতা ঠেকাতে মোটর সাইকেলে একাধিক ব্যক্তির চড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের সমালোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোস্যাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 12:28 AM

Updated : 22 Aug 2022, 11:32 AM

চলমান অবরোধের মধ্যে মোটর সাইকেল ব্যবহার করে নাশকতার প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুই চাকার এই বাহনে চালক ছাড়া যাত্রী বা সঙ্গী বহনে নিষেধাজ্ঞা দেয় সরকার।

এর প্রতিক্রিয়ায় ‘নিলাভ স্বপ্ন’ নামে এক ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন- “হায় হায়, সরকারই দেখি জনগণের জন্য অবরোধ তৈরি করছে ...... ভালো তো ভালো না ...।”

আশিকুর রহমান নামে একজন লিখেছেন, “গাড়ি বের করতে পারি না আগুনে পোড়ার ভয়ে, বাসে চড়তে পারি না মরার ভয়ে, সহকর্মীর বাইকে করে অফিসে যেতাম, আজ মাঝ রাস্তায় নামিয়ে দিল। আমরা যাব কই?”

সরকারি এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আরশাদ হোসেন নামে এক ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, “আর কত নাটক বাকি আছে সরকারের? এমনিতেই অবরোধ, তার ওপরে মরার ওপর খাঁড়ার ঘা। আমরা তো মানুষ, পশু না।”

মশিউর রহমান নামে একজন লিখেছেন, “অফিসে আমরা কি হেঁটে আসব? বাসে আগুন, প্রাইভেটকারে আগুন। এখন তো দেখছি, হাঁটা ছাড়া কোনো উপায় নেই।”

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, “লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিককালে  কিছু দুর্বৃত্ত মোটর সাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসত ও নাশকতা চালাচ্ছে।

“এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৩ সালের মোটর ভেহিকেলস অধ্যাদেশ এর ৮৮ ধারার ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সরকার সারা দেশে মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ করল।”

অনেকে আবার এই এ সিদ্ধান্ততে স্বাগতও জানিয়েছেন।

তূর্ণা নামে এক ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, “পেট্রোল বোমা থেকে রক্ষার জন্য। ঝামেলা শেষ হলে আবার সব ঠিক।”

নাশকতাকারীদের ‘গোপন যোগাযোগ’ বন্ধ করতে ভাইবার, হোয়াটস অ্যাপসহ পাঁচটি জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক অ্যাপ তিন দিন বন্ধ রাখার পর খুলে দেওয়া হলেও এবার মোটর সাইকেলে চড়া নিয়ে এই নিষেধাজ্ঞা আসে। 

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান অবশ্য জানালেন, পুলিশ অধ্যাদেশের মাধ্যমে তারা গত দুদিন ধরেই মোটর সাইকেলে একজনের বেশি চড়াকে ‘নিরুৎসাহিত’ করছেন।

তিনি বলেন, “সম্প্রতি পুলিশের অনুসন্ধানে দেখা গেছে, মোটর সাইকেল থেকে গাড়িতে পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। এটা বন্ধ করতে জনস্বার্থে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।”

পুরনো খবর:

মোটর সাইকেলে সঙ্গী বহনে নিষেধাজ্ঞা