‘সহিংসতায় বিপন্ন জনজীবন ও গণতন্ত্র’
চলমান অবরোধ-হরতালে সহিংসতায় জনজীবন, গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা সংকটের মুখে বলে মনে করেন চট্টগ্রামের বুদ্ধিজীবীরা।
বৃহস্পতিবার বিকালে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এই শঙ্কার কথা প্রকাশ করেন।
সমাবেশে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, সারাদেশে নৈরাজ্য চলছে। এতে শুধু জনজীবন নয় বাংলাদেশের গণতন্ত্র, ভবিষ্যত ও রাষ্ট্রব্যবস্থা সংকটের মুখে।
“কেবলমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনীতি করছে। সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপন্ন করে এভাবে রাজনীতি চলতে পারে না। রাজনীতিতে অবশ্যই জনগণের সম্পৃক্ততা, অধিকার ও দাবির কথা থাকতে হবে।”
আবুল মোমেন বলেন, সহিংসতায় হতাহত হচ্ছে সাধারণ মানুষ। সব শ্রেণি-পেশার মানুষকে সরব হয়ে জনগণ ও গণতন্ত্রের পক্ষে রাজপথে নামতে হবে। তাহলেই রাজনীতি পাল্টাবে।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, দেশের মানুষ অধিকতর গণতন্ত্র চায়। কিন্তু গণতন্ত্রের নামে মানুষ হত্যা চলতে পারে না।
“একাত্তরের পরাজিত শক্তিই প্রতিশোধ নিতে এখনো হত্যাযজ্ঞ চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মসূচির সাথে মিলিয়ে ফেললে আগামী প্রজন্ম সন্ত্রাসী প্রজন্মে পরিণত হবে।“
কবি কামরুল হাসান বাদল বলেন, টেলিভিশনে যে বুদ্ধিজীবীরা ইনিয়ে বিনিয়ে সন্ত্রাসী তৎপরতার কথা বলছে তাদের চিহ্নিত করতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে একাত্তরের চেতনা ধারণ করে রাজনীতি করতে হবে।
সমাবেশে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, দাবি আদায়ের অপকৌশল হিসেবে জনগণের ওপর নির্যাতন চলছে। স্বাধীনতা ও সংবিধান আমাদের কিছু মৌলিক অধিকার দিয়েছে।
“সাধারণের মৌলিক অধিকার আজ বিপন্ন। পেট্রোল বোমা মেরে আর গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা রাজনীতি হতে পারে না।”
সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শরীফ চৌহান বলেন, কোথাও আওয়ামী লীগ-বিএনপি বা আওয়ামী লীগ-জামায়াত সংঘাত হচ্ছে তা দেখি না। শুধু জনগণের ওপর হামলা হচ্ছে।
উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল ধর বলেন, সারাদেশে পেট্রোল বোমা আর আগুনে নারী-শিশুদের পুড়িয়ে মারা হচ্ছে। যারা এসব করছে তাদের সাথে আছে জামায়াত-শিবির।
সমাবেশের সঞ্চালক আবৃত্তি শিল্পী রাশেদ হাসান বলেন, রাজনৈতিক আন্দোলন রাজনীতিতে না থেকে সহিংসতার রাজনীতি চালু হয়েছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ালেই কেবল পরিত্রাণ সম্ভব।
সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিবিদ বালাগাত উল্লাহ, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক রোজি সেন, নাট্যশিল্পী শুভ্রা বিশ্বাস, সংস্কৃতিকর্মী পঞ্চানন চৌধুরী ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি জানিয়ে অংশ নেন।
