২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে বিপাকে জয়পুরহাটের আলুচাষি ও ব্যবসায়ীরা

হরতাল ও টানা অবরোধে বিপাকে পড়েছেন জয়পুরহাটের আলুচাষি ও ব্যবসায়ীরা।

মোমেন মুনি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:44 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, এবার তারা চাষ করেছেন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ফলনও ভালো হয়েছে। কিন্তু অবরোধে পরিবহন সঙ্কটের কারণে বাজার দর পড়ে গেছে। এখন কমদামে বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই তাদের সামনে।

তাই তারা অবরোধ প্রত্যাহারসহ সব ধরনের সহিংস কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান জানান, জয়পুরহাটের ৫টি উপজেলায় চলতি মৌসুমে ৩৬ হাজার ৭৬৩ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও এবার আলুর চাষ হয়েছে ৩৯ হাজার ৭৩৫ হাজার হেক্টর জমিতে।

প্রতি বিঘা আলু চাষে কৃষকদের ১৫ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। আর টানা অবরোধের কারণে এখন আলু বিক্রি করে বিঘা প্রতি তারা পাচ্ছেন ৯ থেকে ১০ হাজার টাকা।

আবহাওয়া অনুকুলে থাকায় এবার আলুর ফলনও হয়েছে ভালো। আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ লাখ ১৮ হাজার ২২ মেট্রিকটন ধরা হলেও তা ছাড়িয়ে উৎপাদন আরও বেশি হবে বলে আশা করছেন কৃষি বিভাগের ওই কর্মকর্তা।

উপজেলা সদরের সিও কলোনি এলাকার কৃষক রিয়াজুল ইসলাম, অজিমুদ্দিন প্রামানিক, মাদাই গ্রামের বেলাল হোসেনসহ কৃষকরা জানান, দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তারা অসহায় হয়ে পড়েছেন। শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার দাবি জানান তারা।

কালাইয়ের মোসলেম উদ্দিন বলেন, “বিঘা প্রতি ১৫/১৭ হাজার টাকা খরচ করে আলু চাষ করেছি। হরতাল, অবরোধের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আলু কিনতে আসছেন না, তাই অনেকটা পানির দরে আলু বিক্রি করতে হচ্ছে। এ অবস্থা চললে আগামীতে না ধান চাষ করতে পারব, না আলু করতে পারব।”

ক্ষেতলালের নুরু মন্ডল বলেন, “এবার জেলায় অনেক বেশি আলু উৎপাদন হয়েছে। কিন্তু অবরোধ হওয়ায় দর খুব কম। কীভাবে ক্ষতি পুষিয়ে নেব জানি না।”

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারে প্রতিমন আলু বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৯০ টাকা দরে। অবরোধের কারণে ব্যবসায়ীরা ঠিকমতো তা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে পারছেন না।

এছাড়া ব্যবসায়ীরা যেটুকু আলু কিনছেন তা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে পরিবহন খরচ গুণতে হচ্ছে অনেক বেশি। তার উপর আছে যানবাহন পোড়ানোর ভয়।

ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারের আলু ব্যবসায়ী মাহবুব হোসেন জানান, তিনি কৃষকদের কাছ থেকে আলু কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোকাম ও আড়তগুলোতে আলু সরবরাহ করে থাকেন।

এ অবস্থায় অবরোধের মধ্যে জয়পুরহটেই তার দুটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের আলু নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান।

এখন পথে বসার উপক্রম হয়েছে দাবি করে কান্না জড়িত কণ্ঠে তিনি আরও জানান, পরিবার পরিজন নিয়ে এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। 

নিশ্চিতা বাজারের আলু ব্যবসায়ী হেলাল উদ্দিন মন্ডল বলেন, ঢাকায় আগে আলু পাঠাতে ট্রাক ভাড়া যেখানে ১৮ থেকে ২০ হাজার টাকা লাগত, এই অবরোধের সময় এখন সেখানে ভাড়া গুনতে হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা।

আর স্বাভাবিক পরিবেশে চট্টগ্রামের ট্রাক ভাড়া ছিল ২৫ থেকে ৩০ হাজার টাকা, আর এই অবরোধের সময় সেখানে ভাড়া গুনতে হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।

এরপরও নিরাপত্তা দিয়ে আলু বোঝাই ট্রাকগুলো নিয়ে ঢাকা-চট্টগ্রাম যেতে ৩/৪ দিন সময় লাগে। এতে এই কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। একই কারণে কম দামে আলু বিক্রি হওয়াই লোকসান গুণতে হয়েছে ৩ লক্ষাধিক টাকা।

উপজেলা কালাইয়ের উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, হরতাল-অবরোধের কারণে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেলে চাষ-আবাদে উৎসাহ হারিয়ে ফেলবে।

কৃষকদের স্বার্থে অবরোধ প্রত্যাহরের দাবি জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ছাব্বির জাহান রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক হলে আলুর ভালো দাম পাবেন বলে  আশা প্রকাশ করে বলেন, আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ও বিরোধী দলগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে নিশ্চয়।