২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টের ৩১ বেঞ্চ পুনর্গঠন

হাই কোর্টের ৩১টি বেঞ্চের বিচারক বা এখতিয়ার পরিবর্তন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:27 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

নতুন প্রধান বিচারপতি এস কে সিনহা বৃহস্পতিবার উচ্চ আদালতের বেঞ্চগুলো পুনর্গঠন করেন। আগামী ২৬ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।

প্রধান বিচারপতি দায়িত্ব পাওয়ার পর গত শনিবার বিচারপতি এসকে সিনহা আপিল বিভাগে বেঞ্চ পুনর্গঠন করেন। সপ্তাহ শেষে এবার হাই কোর্টের বেঞ্চ পুনর্গঠন করলেন তিনি।

হাই কোর্ট বিভাগের সর্বজ্যেষ্ঠ বিচারক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ দেওয়ানী এখতিয়ারে রয়েছেন। এখতিয়ারের মূল ধরন ঠিক থাকলেও এখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই বেঞ্চ কনিষ্ঠ বিচারক হিসাবে রয়েছেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।

বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চও দেওয়ানি এখতিয়ারে রয়েছে।

বিচারপতি মির্জা হোসেইন হায়দারের সঙ্গে রিট বেঞ্চে বসবেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ। একই এখতিয়ারে রয়েছেন বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গণি, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রিট এখতিয়ারে রয়েছে।

বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন পুরাতন ফৌজদারি আপিল, ২০১০ সাল পর্যন্ত রিভিশনের পাশাপাশি বৃহস্পতিবার জেল আপিল শুনবেন।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের এখতিয়ার একই ধরনের হলেও তারা রিভিশন ২০০৮ সাল পর্যন্ত শুনতে পারবেন।

শ্রম আদালত, ভ্যাট, কাস্টমস সংক্রান্ত রিটের দায়িত্বে রয়েছেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি একেএম সাহিদুল হক এবং বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ।

ফৌজদারি মোশনের একক বেঞ্চে রয়েছেন বিচারপতি মো. আবু তারিক।

নিম্ন আদালতের বিভিন্ন ডিক্রির বিষয়ে আবেদন শুনবেন মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. বোরহান উদ্দিন, বিচারপতি একেএম জহিরুল হকের পৃথক তিনটি একক বেঞ্চ।

আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, সাকসেশন আইন, মৃত ব্যক্তি সংক্রান্ত অধিক্ষেত্র, বিবাহ বিচ্ছেদ আইন, প্রাইজ কোর্ট ইত্যাদি সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শেখ হাসান আরিফের পৃথক দুই একক বেঞ্চ।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবদুর রব শুনবেন ফৌজাদারি আপিল, রিভিশন ও বিবিধ মোকাদ্দমার সংক্রান্ত বিষয়াদি।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ভ্যাট কাস্টমস, দেউলিয়া সংক্রান্ত রিট শুনবেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. রুহুল কুদ্দুস।

সেটেলমেন্ট আদালত, শ্রম আদালত ও অর্থ ঋণ আইন থেকে উদ্ভূত রিট শুনবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক।

২০০৭ সাল পর্যন্ত ফৌজদারি আপিল সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদের।

২০১২ সাল পর্যন্ত ফৌজদারি আপিল শুনবেন বিচারপতি মো. আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

দ্বৈত বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি মামলা শুনবেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ।

২০১২ সাল পর‌্যন্ত সকল রিট শুনবেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল।

মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতের এখতিয়ার পেয়েছেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন।

প্রথম আপিল, প্রথম আপিল (প্রবেট), প্রথম বিবিধ আপিল (প্রবেট) ইত্যাদি শুনানির দায়িত্বে রয়েছেন বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি এএনএম বশির উল্লাহ।

দুর্নীতি দমন আইন হতে আসা সব রিট ও ফৌজদারি মামলার শুনানি করবেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসান।

ভ্যাট, কাস্টমস, সিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ব্যতীত অন্য নতুন রিট এবং সব রিটের শুনানি করতে পারবেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম।

ভ্যাট, কাস্টমস, এমপিও, শ্রম আদালত সংক্রান্ত রিট শুনবেন বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফরিদ আহমেদ।