রাবি শিক্ষক শফিউল হত্যা মামলা ডিবিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের তদন্তের ভার নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার রাতে নগরীর মতিহার থানা থেকে এ মামলার দায়িত্ব ডিবিকে দেওয়া হয়েছে বলে নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের আরেকটি সূত্র জানায়, দুই মাসের বেশি সময় পার হলেও হত্যাকাণ্ডের কোনো সুরহা করতে না পারায় মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক মু. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামি করে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
