অবরোধে ক্ষতিতে দিনাজপুরের সবজিচাষিরা
বিএনপির নেতৃত্বে লাগাতার অবরোধে ফরিয়াদের পাল্লায় পড়ে লোকসানে পড়ছেন দিনাজপুরের সবজিচাষিরা।
অবরোধে পণ্য পাঠানো যাচ্ছে না বলে কৃষকের কাছ থেকে নামমাত্র মূল্যে সবজি কিনছে ফরিয়ারা, আবার বাজারে সরবরাহ কম বলে ভোক্তাদের কাছে বেশি দামে সবজি বিক্রি করছে তারাই।
দিনাজপুর সদরের মাসিমপুর, উথরাইল, রাজারামপুর ও রামসাগর সবজি আবাদের এলাকা হিসেবে পরিচিত। এমন এক সময়ে তাদের সবজি বাজারে আসছে যখন দেশব্যাপী অবরোধ-হরতাল চলছে।
চাষিরা জানান, অবরোধের কারণে এখানকার উৎপাদিত সবজি রাজধানীসহ অন্য জেলায় পাঠানো যাচ্ছে না বলে কমদামে ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
মধ্যসত্ত্বভোগীদের বেঁধে দেওয়া দামেই তারা সবজি বিক্রি করছেন। তা না হলে মাঠেই সবজি পচাতে হবে বলে জানান তারা।
মাসিমপুরের সবজিচাষি মকছেদ আলী ও গৌতম চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধ শুরুর আগে তারা এক কেজি ওজনের একটি ফুলকপি ১০ থেকে ১২ টাকা, বাঁধাকপি ৫ থেকে ৭ টাকা এবং প্রতিকেজি টমেটো বিক্রি করেছেন ২৫ টাকায়।
অবরোধের কারণে বাইরের পাইকার আসছে না বলে মধ্যসত্ত্বভোগীরা নিজেদের মতো দাম বেঁধে দিয়ে অল্প মূল্যে সবজি কিনে নিচ্ছে।
তাই এখন এক কেজি টমেটো বিক্রি করে কৃষক পাচ্ছে ৮ হতে ১০ টাকা। একটি ফুলকপির দাম পাচ্ছে ৩ থেকে ৪ টাকা, বাঁধাকপি বিক্রি করে পাচ্ছে ২ থেকে ৩ টাকা।
একই অবস্থা আলু-পিঁয়াজ-বেগুনসহ অন্য সবজিতেও।
এদিকে ক্রেতাদের এক কেজি টমেটো ৩০ টাকা, এক কেজি ওজনের একটি ফুলকপি ১৫ টাকা, একটি বাঁধাকপি ১২ টাকায় কিনতে হচ্ছে।
স্থানীয় ফরিয়া সত্যেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবাই তো চায় কিছু লাভ করতে। তাই এ সুযোগে দুপয়সা আয় করা আরকি।
