বোমা তৈরির সরঞ্জামসহ শিবির নেতা আটক
পাবনার সাঁথিয়ায় বোমা তৈরির সরঞ্জামসহ ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় এক নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধূলাউরি বাজারে নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটক একরামুল হক (২৫) ধূলাউরি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি এবং ভায়নাপাড়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
ধূলাউরি কামিল মাদরাসার কামিল প্রথম বর্ষের ছাত্র একরামুল হক।
সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে একরামুলকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বোমা তৈরির জন্যে ব্যবহৃত গান পাউডার, পাথর, স্কচটেপসহ বিভিন্ন সরঞ্জামাদি ও কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার পর তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
