রাজশাহীতে পাহারার মধ্যেই গাড়িবহরে জামায়াতি তাণ্ডব
রাজশাহী শহরে নিরাপত্তা বাহিনীর পাহারার মধ্যেই ঢাকাগামী গাড়িবহরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
অবরোধকারীদের পেট্রোল বোমা ও ঢিলের আঘাত ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি যানবাহন। তাদের প্রতিরোধের চেষ্টা করতে গিয়ে তিনজন বোমায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের কাদিরগঞ্জে বর্ণালীর মোড় থেকে দড়িখরবনার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা এবং নগরীর বিনোদপুরে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাছিম ও কাজিম নামের দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদ হাসান বলেন, অবরোধের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা এ হামলা চালায়। পরে পুলিশ, র্যাব ও বিজিবির সহযোগিতায় গাড়িবহর পার করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বেলা সাড়ে ১২টার দিকে বর্ণালীর মোড় হয়ে অর্ধশতাধিক গাড়ির একটি বহর নগরী অতিক্রম করছিল। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে অবরোধকারীরা গাড়ি বহরে হামলা চালায়।
“তারা পেট্রোল বোমাসহ অন্তত ১৮টি বোমার বিস্ফোরণ ঘটনায়। এর মধ্যে অন্তত ১০/১২টি ছোড়া হয় গাড়ি বহরের বিভিন্ন ট্রাকে। পেট্রোল বোমায় একটি ট্রাকের সামনে আগুন ধরে গেলেও চলন্ত অবস্থাতেই তা নিভে যায়। এছাড়া সাতটি অটোরিকশাসহ অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।”
একই সময়ে নগরীর বিনোদপুর এলাকায় গাড়িবহর লক্ষ্য করে অবরোধকারীরা একটি পেট্রোল বোমাসহ কয়েকটি হাতবোমা ফাটায় বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান।
এতে একটি ট্রাকে আগুন ধরলেও পুলিশ ও গাড়ির লোকজন তা নিভিয়ে ফেলেন বলে জানান তিনি।
