কারখানার বাসে ঢিলে কাটল গার্মেন্ট কর্মীর মাথা
চট্টগ্রামে প্রতিষ্ঠানের বাসে করে কর্মস্থলে যাওয়ার পথে অবরোধকারীদের ছোড়া ঢিলে এক পোশাক শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় ‘ডিকে গার্মেন্টস’র বাসে এ হামলা হয় বলে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান।
আহত সুমি আক্তার (২০) কালুরঘাট শিল্প এলাকার ডিকে গার্মেন্টসের শ্রমিক। ঢিলের আঘাতে তার মাথা কেটে গেছে। তাতে ১০টি সেলাই দেওয়া হয়েছে।
সুমীর সহযাত্রী কারখানার সুপারভাইজার মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কারখানার ভাড়া করা বাসে করে তারা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।
“বাসটি মুরাদপুর এলাকায় পৌঁছালে ব্যানার হাতে কিছু যুবক বাস লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু করে। এতে জানালার কাঁচ ভেঙে সুমির মাথায় একটি ঢিল লাগে।”
দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তার কাটা অংশে ১০টি সেলাই দেয়। পরে সুমিকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসে সহকর্মীরা।
