বাংলাদেশে সহিংসতায় ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ
বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দক্ষিণ এশিয়ায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল।
এ প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যাম্বার্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তা ‘গভীরভাবে উদ্বেগজনক’।
তিনি বলেন, সব রাজনৈতিক দলকেই ‘জনগণের অবাধ চলাফেরা, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার’ প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে ল্যাম্বার্ট বলেন, “সরকার ও বিরোধী দল- সবার কাছেই আমাদের এ প্রত্যাশা, যার অভাব আমরা এখনো দেখতে পাচ্ছি।”
বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যত যাতে আরও বিপদের মুখে না পড়ে তা নিশ্চিত করতে দলগুলোকে ‘সত্যিকারের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে প্রকৃত সংলাপে’ বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
নির্বাচনের বর্ষপূর্তির দিনে গত ৫ জানুয়ারি সমাবেশ করার জন্য গুলশানের কার্যালয় থেকে বের হতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এই অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া ও বোমাবাজির মতো নাশকতা এবং সহিংসতা ঘটছে, যাতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের।
বাংলাদেশের এই পরিস্থিতিতে জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উদ্বেগ জানালেও খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে অবরোধ নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে ‘হুকুমের আসামি’ করা যুক্তিযুক্ত।
