বঙ্গোপসাগরে জলদস্যুর হামলায় জেলে নিহত
কক্সবাজারের মহেশখালীর কাছে বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় এক জেলে নিহত হয়েছেন।
নিহত মোজাফফর আহমদ (৩০) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলীর মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় মোজাফফরের সঙ্গে ট্রলারে থাকা মাঝিসহ দুজন আহত হয়েছেন বলে কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান।
নিহতের পরিবার জানায়, এফবি ছেনুয়ারা নামের একটি ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন মোজাফফরসহ কয়েকজন। জলদস্যুরা ট্রলারে হামলা চালালে মোজাফফরসহ তিনজন আহত হন।
আহত অবস্থায় মোজাফফরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
