৯ ঘণ্টা পর সচল শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ
কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়ার শিমুলিয়া-কাওড়াকিান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, বুধবার রাত থেকে বন্ধ থাকা ফেরিগুলো বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করে।
ঘন কুয়াশার কারণে বুধবার রাত সোয়া ১১টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দেড় হাজারের বেশি যাত্রী নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে ১০টি ফেরি। নদীর দুই তীরে তৈরি হয় কয়েকশ গাড়ির জট।
শেখর চন্দ্র রায় জানান, নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখতে হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ার পর সকালে আবার পারাপার শুরু হয়েছে।
