চাঁদপুর জেলা আ. লীগ অফিসে আগুন
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে শহরের কালীবাড়ি এলাকায় ওই কার্যালয়ে আগুন দেওয়া হয় বলে চাঁদপুর সদর মডেল থানার এএসআই নন্দন চন্দ্র সরকার জানান।
খবর পেয়ে দ্রুত স্থানীয়দের সহায়তায় পুলিশ আগুন নিভিয়ে ফেলে। এসময় তালাবন্ধ ওই কার্যালয়ে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
তবে আগুনে কার্যালয়ের বেশ কিছু আসবাব, দরজা, জানালা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুড়ে গেছে।
এএসআই নন্দন চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সোয়া ৫টার দিকে দুর্বৃত্তরা লোহার দরজার ফাঁকা দিয়ে পেট্রোল ঢেলে ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
বিএনপি ও তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর নেতকর্মীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন অভিযোগ করেছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা আওয়ামী লীগ অফিসের ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটল।
“কারা এই ঘটনা ঘটাতে পারে তা সহজেই বোঝা যায়। যারা রাজনীতির নামে জ্বালাও-পোলাও করছে তথা বিএনপি-জামায়াতই এই ঘটনার সাথে জড়িত রয়েছে।”
এ বিষয়ে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
নাশকতার একটি মামলায় আগের দিন চাঁদপুর জেলা জামায়াত আমির আব্দুর রহিম পাটওয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এর প্রতিবাদে ২৫ জানুয়ারি রোববার চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
