মুফতি হারুণ ফের কারাগারে
কারাফটক থেকে আটক হেফাজত নেতা মুফতি হারুণ বিন ইজাহারকে আবারো কারাগারে পাঠিয়েছে আদালত।
কোতোয়ালি থানার একটি মামলায় পুলিশ হারুণকে বুধবার আদালতে হাজির করলে চট্টগ্রামের মহানগর হাকিম মাশফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুক্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের মে মাসে কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় মুফতি হারুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
হারুণের বাবা মুফতি ইজাহারুল ইসলাম হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর।
চট্টগ্রাম নগরীর লালখানবাজারে তার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার ছাত্রবাসে ২০১৩ সালের ৭ অক্টোবর বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ছাত্রবাসের দায়িত্বে ছিলেন মুফতি হারুণ নিজে।
পরে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে, যার সবগুলোতেই ইজাহার ও হারুণকে আসামি করা হয়।
বিস্ফোরণের দুই দিন পর হাটহাজারি থেকে হারুণকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার তিনি ওই তিন মামলায় জামিনে মুক্তি পান।
কিন্তু গোয়েন্দা পুলিশ কারাফটক থেকেই তাকে আটক করে এবং অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে।
