জামিনে মুক্তির সঙ্গে সঙ্গে আটক মুফতি হারুণ
জামিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পরপরই আটক হয়েছেন হেফাজত নেতা ইজাহার পুত্র মুফতি হারুণ।
মঙ্গলবার দুপুরে কারাফটক থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।
চট্টগ্রাম নগর (সিএমপি) পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুফতি হারুণকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে।”
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলশী থানার এসিড ও হত্যা মামলায় চট্টগ্রাম জজ আদালত থেকে জামিন পান মুফতি হারুণ।
২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি হারুণের বাবা ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ইজাহার পরিচালিত চট্টগ্রাম নগরীর লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার চারতলা ছাত্রাবাসের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে তিনজন নিহত হন।
এরপর রাতে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা হ্যান্ডগ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
এঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে। প্রত্যেকটিতে ইজাহার ও হারুণকে আসামি করা হয়।
বিস্ফোরণের দুইদিন পর হাটহাজারী উপজেলার ইছাপুর গ্রামের জানালী চৌধুরী বাড়ি থেকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণকে গ্রেপ্তার করে পুলিশ।
