প্রহরায় চলা গাড়ি বহরে বোমা হামলা
রাজশাহীতে নিরাপত্তা বাহিনীর পাহারায় চলা অবস্থায় ঢাকাগামী গাড়ি বহরে বোমা হামলা চালিয়েছে অবরোধ সমর্থকরা।
বুধবার বিকালে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ হামলায় একটি ট্রাকের সামনের কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, পুলিশ, র্যাব ও বিজিবির পাহারায় চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় অর্ধশত গাড়ি ঢাকা যাচ্ছিল। বিকালে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় অতিক্রমের সময় বহরের মাঝখানের একটি ট্রাকে হামলা চালায় অবরোধ সমর্থকরা।
এ সময় তারা একটি পেট্রোল বোমা ও একটি হাতবোমা ছুড়ে মারে।
হাতবোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও পেট্রোল বোমায় আগুন ধরেনি। তবে বোমার আঘাতে ট্রাকের সামনের কাচ ভেঙ্গে যায়।
পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে গাড়িগুলো পার করে দেওয়া হয় বলে জানান তিনি।
