রাজশাহীতে পেট্রোল বোমায় দগ্ধ আম্বিয়া ঢাকায়
রাজশাহী শহরে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ আম্বিয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
বুধবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানে পাঠানো হয় বলে জানিয়েছেন রাজশাহী হাসপাতালের উপপরিচালক আ স ম বরকতুল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও আম্বিয়ার চিকিৎসা দেওয়া সম্ভব ছিল। কিন্তু রোগীর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে চাইলে ছাড়পত্র দেওয়া হয়।"
সোমবার গভীর রাতে রাজশাহী মহানগরীর রেশম ভবনের সামনে শিশির পরিবহন নামে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা ছোড়ে অবরোধকারীরা। এতে আম্বিয়া ও তার মেয়ে রিফাত দগ্ধ হন।
রিফাতের বাম হাত সামান্য পোড়ায় তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান বরকতুল্লাহ।
