২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১১টি স্বর্ণবার উদ্ধার, যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১১টি স্বর্ণবারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 05:05 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জলিল জানান, বুধবার দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্তের ১৭৮ নম্বর পিলারের কাছ থেকে ওই স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটক লিয়াকত হোসেন বাবু দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার একটি বড় চালান ভারতে পাচার করার গোপন খবর পেয়ে বিজিবির টহলদল সীমান্ত এলাকায় বাবুকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে এক কেজি ১০০ গ্রাম ওজনের ১১টি সোনার বার পাওয়া যায়।

প্রায় ৫০ লাখ টাকার ওই স্বর্ণবারগুলোর মালিক দৌলতপুর গ্রামের বটতলা পাড়ার মতিয়ারের রহমানের ছেলে জিয়াউর রহমান জিয়া বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

আটক বাবু ও জিয়াউরকে আসামি করে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে বলে জানান নায়েক সুবাদার আব্দুল জলিল।