চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারত সীমান্ত থেকে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
নওগাঁ ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মজিবুল হক সিকদার জানান, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার রোকনপুর সীমান্তের লালমাটিয়া মাঠে অভিযান চালায় বিজিবি রোকনপুর বিওপির একটি দল।
এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পিস্তল, তিন বোতল ফেনসিডিল ও চার কেজি জিরা উদ্ধার করা হয়।
এর আগে একই দল রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের ইসলামপুর এলাকার একটি মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও একটি ভারতীয় পিস্তল ও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ দুই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে লে. কর্নেল মজিবুল জানান।
