নড়াইলে নাশকতার আশঙ্কায় আটক ১২
অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় নড়াইলে বিএনপি-জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার রকিবুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকদের মধ্যে জেলা বিএনপির প্রচার সম্পাদক আল মুজাহিদুল ইসলাম পলাশের নাম জানা গেছে।
যৌথবাহিনীর অভিযানে নেতাকর্মীদের ‘হত্যা’ ও নির্যাতনের অভিযোগ করে এর প্রতিবাদে বুধবার সকাল থেকে ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
গত রোববার রাতে ঢাকার মতিঝিলে ‘বন্দুকযুদ্ধে’ ইমরুল কায়েস নামে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হন, যিনি নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
তার বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বরে পুলিশের ওপর হামলার মামলা ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
