প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগের একটি মামলায় তিন দফা তলবে হাজির না হওয়ায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এক আলোকচিত্রীকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে ঝালকাঠির একটি আদালত।
জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান বুধবার এ আদেশ দেন।
মতিউর রহমানের সঙ্গে এ মামলার অন্য আসামি হলেন আলোকচিত্রী মজিদ খান।
আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন রেখেছে আদালত। তার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল জানিয়েছেন।
মো. গণি আমিন বাকলাই নামের এক আইনজীবী গত ৯ অক্টোবর কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে মতিউর রহমান ও মজিদ খানের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক।
ওই দিন হাজির না হওয়ায় পরে দুই দফায় ১১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি হাজির হতে বললেও আসামিরা আদালতে যাননি বলে অতিরিক্ত পিপি কামাল জানিয়েছেন।
তিন দফা তলবেও আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক বুধবার আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দেন বলে সরকারি এই কৌসুলি জানান।
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ ও ২৯৮ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় অন্যের ধর্ম বিশ্বাসের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক কোনো কাজ করলে দুই বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।
আর দণ্ডবিধির ২৯৮ ধারায় বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক শব্দ উচ্চারণ করলে এক বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।
অভিযোগ
সম্পাদক মতিউর রহমানকে ‘মস্কোপন্থী সৌখিন কমিউনিস্ট’ অভিহিত করে মামলায় বলা হয়, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনে হযরত মুহম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করা হয়।
“২০১৩ সালের ১১ মার্চ প্রথম আলোর রম্য সাময়িকী রস আলোর ৫ নম্বর পাতায় পবিত্র কোরআনের সুরা লোকমানের ২৭ নম্বর আয়াতের অর্থ হুবহু তুলে দেয়।এতে শুধু আল্লাহ তায়ালার গুণ বর্ণনার জায়গায় সরকারের গুণের কথা লিখে দেওয়া হয়।আল কোরানের আয়াতের অর্থ হুবহু নকল করে ফান করা হয়েছে, যা অকল্পনীয়।”
২০১৪ সালের ৫ জানুয়ারি প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত একটি ছবির কথা উল্লেখ করে মামলায় বলা হয়, “বেশ কিছু নারীর কপালে লাল টিপ ও সিঁদুর এঁকে দিয়ে ফটোসপ করা ওই ছবিটি দিয়ে একটি ম্যাসেজ দিতে চেয়েছিল যে, শতকরা ১০ ভাগের মতো ভোট পড়েছে, যার বেশিরভাগই ছিল হিন্দু ভোটার।
“এই সাম্প্রদায়িক উস্কানির পরিপ্রেক্ষিতেই বিএনপি-জামায়াত কয়েক ঘণ্টা পর যশোর ও দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করে।”
এসবের মধ্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী গণি আমিন বাকলাই।
