দূরপাল্লার বাস না ছাড়লেও নগরীতে চলছে যানবাহন
সারাদেশে অবরোধের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগে বিএনপির হরতালের সকালে রাজধানীতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
ট্রেন ও লঞ্চ চলাচলও অন্য দিনগুলোর মতো রয়েছে। তবে অবরোধের মধ্যে ছাড়লেও বুধবার সকাল থেকে কার্যত বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।
সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বিভিন্ন থানার ওসিরা জানিয়েছেন।
সকাল থেকেই রাজধানীর সড়কে নগর পরিবহনের সঙ্গে প্রাইভেট গাড়িও চলতে দেখা গেছে।
তবে সকালে গাজীপুরে একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে গ্রেপ্তার করা হয়েছে।
সকালে ঢাকা থেকে আশপাশের জেলাগুলোতে বাস ছাড়লেও তবে দূরপাল্লার বাস অন্য দিনের মতো চলছে না বলে রাজধানীর দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম এবং যাত্রাবাড়ী থানার ওসি অবণী শংকর জানিয়েছেন।
ঈগল পরিবহনের বেশ কিছু বাস ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
সকালে নির্ধারিত সূচি অনুযায়ী সদরঘাট থেকে সব লঞ্চ ছেড়ে গেছে বলে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক এবিএস মাহমুদ জানিয়েছেন।
তবে ঘনকুয়াশার কারণে অন্যান্য জেলা থেকে রাতে ছেড়ে আসা লঞ্চগুলো সময়মতো সদরঘাটে পৌঁছেনি বলে জানিয়েছেন তিনি।
অন্য সময়ে সকালে ৫০টির মতো লঞ্চ সদরঘাটে ভিড়লেও মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত মাত্র ৯টি লঞ্চ এসেছে বলে জানান বিআইডব্লিউটির এই কর্মকর্তা।
হরতালের কারণে ট্রেন চলাচলের কোনো প্রভাব পড়েনি জানিয়ে রেলের পরিবহন পরিদর্শক হুমায়ুন কবির বলেছেন, ট্রেন চলাচলে কোনো সমস্যা এখনো হয়নি।
“তবে অবরোধের মধ্যে ট্রেনের শিডিউলে যে সমস্যা হয়েছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা।”
গত ৫ জানুয়ারি থেকে চলমান অবরোধের পাশাপাশি বুধবার ভোর থেকে ঢাকা ও খুলনার সব জেলায় ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি।
হরতালের ঘোষণা দিয়ে আগের দিন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন, “যৌথ বাহিনী সারাদেশে অভিযানের নামে ছাত্রদলসহ আমাদের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। গত কয়েকদিনে ছাত্রদলের কয়েকজনকে হত্যা করা হয়েছে।”
এর প্রতিবাদে দুই বিভাগের নেতা-কর্মীদের ‘শান্তিপূর্ণভাবে’ হরতাল পালনের আহ্বান জানান তিনি।
এছাড়া সংগঠনের এক নেতাকে ‘হত্যার’ প্রতিবাদে পৃথকভাবে ঢাকা মহানগর ও জেলায় বুধ ও বৃহস্পতিবার হরতাল দিয়েছে ছাত্রদল।
দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবারও তিনি নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিএনপির এই কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটছে, যাতে এ পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
