হামলাকারী দল নিষিদ্ধ চায় ওআইসি দেশগুলো: পররাষ্ট্রমন্ত্রী
ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশে সাধারণ মানুষের ওপর হামলাকারী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধে ব্যবস্থা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মাহমুদ আলী বলেন, “ওআইসিভুক্ত দেশগুলো কিন্তু সবাই একবাক্যে বলেছে যে, অবশ্যই সরকারের বিবেচনা করা উচিত, যে সব দল এরকম কাজ করছে, এ রকম গণবিরোধী কাজ করছে, নিরীহ মানুষের ওপর হামলা করে বোমা মারে, তাদেরকে নিষিদ্ধ করা দরকার।
“শুধু মিশর বা পালেস্টাইন নয়, অন্যান্য দেশও একই কথা বলেছে। মোটামুটি তারা একমত, বাংলাদেশ সরকারকে তারা সমর্থন করবে, এই ধরনের প্রক্রিয়া যদি বাংলাদেশ সরকার গ্রহণ করে।”
এটা কি ইসলামী সম্লেলন সংস্থার (ওআইসি) আহ্বান- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ওআইসি অ্যাজ এ হোল তো বলে না। ওআইসির সদস্যভুক্ত দেশুগুলো...। ওআইসি বলতে হলে মিটিং করতে হবে।”
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের অবরোধের মধ্যে সরকারের অবস্থান তুলে গত কয়েকদিন ধরে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আলী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের কোনো কথাই বলেনি, কেউ বলেনি। তারা বলেছে, নাশকতামূলক যে কর্মকাণ্ড এই যে সন্ত্রাস, এটা কখনও কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হতে পারে না। প্রত্যেকটা গ্রুপ, সবাই একবাক্যে এটার কনডেম করেছে।”
রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ করার অনুমতি দেওয়ার কথা কেউ বলেছে কি না- এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যখন সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিন্দা জানায়, তখন বলেছে, গণতান্ত্রিক সমাজে, রাজনৈতিক ব্যবস্থায় সন্ত্রাসের কোনো জায়গা নেই। এটা গ্রহণযোগ্য না।”
সংলাপের বিষয়ে কূটনীতিকরা কিছু বলেছে কি না- জানতে চাইলে মাহমুদ আলী বলেন, “না, তারা কিছু বলেনি। দুই একজন বরং বলেছে, এটা তোমাদের ব্যাপার। তোমাদেরকে সেটল করতে হবে।”
সহিংসতার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপানের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
“তারা বলেছেন এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না।”
“আগে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এখন ওআইসিভুক্ত দেশগুলো বলছে, দেখ এইটা আর সহ্য করা ঠিক করা ঠিক হবে না। এই ধরনের দলগুলো নিষিদ্ধ করে দিতে হবে।”
পরে সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউরোপীয় পার্লামেন্ট ব্যান করার কথা বলেছে। ইউরোপীয় দেশগুলোতো তাই বলবে। আর ওআইসি বলেছে, আইন করে নিষিদ্ধের কথা।”
কোন চাপের মুখে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক করা হচ্ছে কি না- জানতে চাওয়া হলে মাহমুদ আলী বলেন, ফ্রান্সে হামলার পর অনেক দেশই সেখানকার র্যালিতে অংশ নিয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া।
বৈঠকে বিএনপি জামায়াতের কর্মকাণ্ড নিয়ে মতবিনিময়ের পাশাপাশি সরকারের অবস্থান বিদেশি কূটনীতিকদের কাছে তুলে দরা হয়।
বর্তমান পরিস্থিতিতে তাদের মতও জানতে চাওয়া হয়েছে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এ সময় উপস্থিত ছিলেন।
