বিচারপতির বাড়িতে আগুন: বিএনপি নেতা গ্রেপ্তার
ফেনীতে বিচারপতি কাজী রেজাউল হকের বাড়িতে অগ্নিসংযোগের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ফেনী শহরের রামপুর এলাকা থেকে জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার করা হয়। জাকির জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, বিচারপতি কাজী রেজাউল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাসহ দুইটি মামলার এজহারভুক্ত আসামি হলেন জাকির হোসেন।
গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।
গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের (ডিভিশন) বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাদের বাড়ির রান্না ঘরের কিছু অংশ পুড়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৩১ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করে।
