মণিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকালে কাশিপুরের কাঠালতলা বাজারের কাছে এ হামলায় নিহত শাহিনুর রহমান (৩২) উপজেলা যুবলীগের কার্য নির্বাহী সদস্য।
মণিরামপুর থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান, বিকাল ৩টার দিকে কাশিপুরের কাঠালতলা বাজারে একটি দোকানে শাহিনুর বসেছিলেন।
এ সময় দুইটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তার উপর হামলা চালায়। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা ৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ধাওয়া করে কিছু গিয়ে ধরে ফেলে।
এরপর উপর্যুপরি কুপিয়ে হত্যা করে চলে যায় তারা।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে জানান ওসি।
ওসি খবির আহমেদ জানান, শাহিনুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান পক্ষের কর্মী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গত ৫ জানুয়ারিও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তাদের প্রতিপক্ষ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির লাভলু উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক।
এ দুপক্ষের মধ্যে দলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
শাহিনুর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা যুবলীগের সভাপতি দেবাশিষ সরকার বাবু।
